নিজস্ব প্রতিবেদক, সুজানগর (পাবনা)
পাবনার সুজানগরে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে গ্রেফতারের ঘটনায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক প্রতিহিংসা ও “মিথ্যা মামলার” অভিযোগ তুলে প্রিয় শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে নেমে এসেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকালে সুজানগর-মথুরাপুর প্রধান সড়কে আয়োজিত এক বিশাল মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। শিক্ষার্থীদের দাবি, মানুষ গড়ার কারিগরদের এভাবে মধ্যরাতে গ্রেফতার করা কেবল অপমানজনকই নয়, বরং শিক্ষার পরিবেশ নষ্ট করার একটি চক্রান্ত।
উল্লেখ্য যে, গত ২৩ মার্চ গভীর রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পাবনা জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদের, সহকারী শিক্ষক আজিজুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে সাদ সহ মোট ২১ জনকে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই স্রেফ হয়রানি করার উদ্দেশ্যে শিক্ষকদের এই মামলায় জড়ানো হয়েছে।
“যাঁরা আমাদের অক্ষর জ্ঞান দিয়েছেন, আদর্শ মানুষ হতে শিখিয়েছেন, তাঁদের হাতে হাতকড়া আমরা মেনে নেব না। অবিলম্বে স্যারদের মুক্তি দিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”
‘আন্দোলনরত এক শিক্ষার্থী’
পাবনা জেলা শিক্ষক সমিতির সভাপতিকে গ্রেফতারের ঘটনায় জেলার শিক্ষক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও অভিভাবকরাও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষকদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুশীল সমাজ দ্রুত সুষ্ঠু তদন্ত ও শিক্ষকদের সসম্মানে মুক্তির দাবি জানিয়েছেন।
