মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে বিকট শব্দে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়ার একটি বড় অংশ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ পরিত্যক্ত ওই ঘরটি থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া উড়তে দেখেন এবং ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে পড়তে দেখেন। ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, ঘরটির মালিক আমিনুল ইসলাম খান গত সাত বছর ধরে পরিবারসহ খুলনায় বসবাস করছেন। ফলে দীর্ঘ দিন ধরে ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, প্রাথমিকভাবে হাতবোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
