নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ এপ্রিল সকালে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় এই ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সকালে সংসদ ভবনের ১২ নম্বর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেশ কিছু নেতাকর্মী অবৈধ মিছিল করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সকাল আনুমানিক ৭:১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পালিয়ে যাওয়ার সময় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। মামলায় ১ নম্বর আসামি হিসেবে মোঃ নেসার খান (৩০) সহ আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
