বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদ

Infobangla নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:

জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই।” তিনি অভিযোগ করে বলেন, “জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান দিচ্ছে। নোংরা রাজনীতি কায়েম করতে চাইলে বাংলাদেশের মাটি তা মেনে নেবে না।”

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউনহল মুক্তমঞ্চে ‘সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনায় মডারেটর হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, “এই দেশের মাটিতে বসে বাংলাদেশপন্থীদের প্রশ্নবিদ্ধ করার কোনো অধিকার জামায়াত-শিবিরের নেই। মহান মুক্তিযুদ্ধে নারীদের ওপর নির্যাতন ও সম্ভ্রমহানির ইতিহাস কি অস্বীকার করা যায়?”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল, সেই ‘সাদা শয়তানরা’ ৫৪ বছর পর আবারও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায়। কুমিল্লার টাউনহল মুক্তমঞ্চ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই—বাংলাদেশে রাজনীতি করতে হলে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেই করতে হবে।”

গণঅভ্যুত্থান প্রসঙ্গে আবিদ বলেন, “আমরা কখনো চার আনা পয়সারও অনধিকার চর্চা করিনি। অথচ যাদের আপনারা সম্মুখসারিতে দেখেছেন, তারাই টেন্ডার বাণিজ্য, দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত ছিল। আজ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়, কিন্তু কারা নিয়োগ বাণিজ্য করেছে, কারা উপদেষ্টা হয়ে দেশের ভবিষ্যৎ রাজনীতি ধ্বংস করেছে—সেগুলো ভুলে গেলে চলবে না।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্ভাবনার বাংলাদেশ–এর প্রধান নির্বাহী ড. শরীফুল ইসলাম। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *