বিশেষ প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় ওয়ার্ড শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম বশির খান, তিনি মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে তেগাছিয়া বাজারে বশির খানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত বশির খানের অভিযোগ, মিঠাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসমাইল আকন দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাহিদামতো চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ইসমাইল আকন ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি তার পার্সোনাল ফেইসবুক আইডিতে এই ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। তাছাড়া তিনি সার্বিকভাবে আহত ঐ নেতার খোঁজখবর রাখছেন বলেও জানাগেছে।

