চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | Infobangla
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, রাত ৯টা ১৩ মিনিট
কক্সবাজারের চকরিয়া থানার সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ধাওয়া দিয়ে দুই কিশোরসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে থানার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি Infobangla-কে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আটক ব্যক্তিরা হলেন— মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে Infobangla জানতে পারে, শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর ব্যাটারিচালিত অটোরিকশায় করে চকরিয়া থানার সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। স্থানীয়রা তাদের নিষেধ করলে তারা তা উপেক্ষা করে পুনরায় স্লোগান দিতে থাকে। এতে থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন নিজেই ঘটনাস্থলে এসে কিশোরদের পেছনে ধাওয়া দেন। এ সময় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন Infobangla-কে বলেন, “অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

