নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ ও প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১ জুলাইয়ের এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং দারিদ্র্যের হার কমানোর মতো ঐতিহাসিক সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তা ছিল একজন নিবেদিতপ্রাণ রাষ্ট্রনায়কের নিরলস সাধনার ফসল।
ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আইসিটি ট্রাইব্যুনালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যে ট্রাইব্যুনাল ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত হয়েছিল, আজ তা গণতন্ত্রের কণ্ঠস্বর স্তব্ধ করার জন্য ব্যবহার করা হচ্ছে।
সংগঠনটি দ্ব্যর্থহীন ভাষায় জানায়, যে সরকারের জনগণের কাছে কোনো বৈধতা নেই এবং যা ভোটাধিকার হরণ করে গঠিত, তাদের পরিচালিত ট্রাইব্যুনালের রায়ের কোনো আইনি বা নৈতিক ভিত্তি থাকতে পারে না। সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্তের আহ্বান উপেক্ষা করে একতরফাভাবে এই রায় চাপিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও প্রতিটি সাংগঠনিক কাঠামোকে ১ জুলাইয়ের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত সকল রায় বাতিল, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

