নিজস্ব প্রতিনিধি :
সামান্য রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা কেড়ে নিল এক মায়ের প্রাণ। উখিয়ার থাই পালং এলাকায় আজ রাতে ঘটেছে এক কলঙ্কজনক ও বুকফাটা ঘটনা, যা স্থানীয় বাতাসকে ভারী করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে আটকে রাখে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। আটকে রাখার পর তার ওপর চালানো হয় নির্মম শারীরিক নির্যাতন।
ছেলের ওপর এই অমানুষিক নির্যাতনের খবর পেয়ে আর ঘরে স্থির থাকতে পারেননি তার মা সৈয়দা খাতুন (৫০)। নাড়ীছেঁড়া ধনকে পৈশাচিকতার হাত থেকে রক্ষা করতে তীব্র আকুতি নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই বৃদ্ধা মা।
মায়ের মমতা কোনো রাজনৈতিক দেয়াল চেনে না। শত বাধা উপেক্ষা করে যখন সৈয়দা খাতুন তার সন্তানকে বাঁচানোর জন্য বুক দিয়ে আগলে ধরার চেষ্টা করছিলেন, ঠিক তখনই হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। একপর্যায়ে ওই বৃদ্ধা মায়ের ওপরও নির্মমভাবে হামলা চালানো হয়।
ঘাতকদের বর্বরোচিত আঘাত সইতে না পেরে, নিজের চোখের সামনে সন্তানের ওপর চলা নির্যাতনের তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণা নিয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হতভাগ্য মা সৈয়দা খাতুন।
এই ঘটনার পর পুরো থাই পালং এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন মায়ের এমন করুণ ও নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় সাধারণ মানুষ। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

