নিজস্ব প্রতিবেদক | জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মজনু মিয়া (২৪) নামে এক তরুণ নেতার মৃত্যু হয়েছে। তিনি জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে ধানখেতে কাজ করছিলেন মজনু মিয়া। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার সদস্য আবু তালেব জানান, বৃষ্টি থামার পর পরিবারের সদস্যরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, তরুণ এই ছাত্রনেতার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

