ডাকসু সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের পাল্টা স্লোগান: ‘তুমি কে আমি কে—ইউরেনিয়াম, ইউরেনিয়াম!

Desk Report | InfoBangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্ট চলাকালে ডাকসু সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের একাংশের পাল্টা স্লোগান—‘তুমি কে আমি কে—ইউরেনিয়াম, ইউরেনিয়াম!’—ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, কনসার্টটি একটি সিগারেট কোম্পানির স্পন্সরশিপে আয়োজন করা হয় এবং ডাকসুতে নির্বাচিত হওয়ার পর থেকেই বর্তমান ডাকসু সম্পাদক মুসাদ্দেকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকায় তারা ক্ষুব্ধ হয়ে এই স্লোগান দেন।

গত ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত কনসার্ট চলাকালীন সময়েই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চ থেকে ডাকসু সম্পাদকের দেওয়া স্লোগানের পর দর্শকসারির একাংশ তাৎক্ষণিকভাবে পাল্টা স্লোগান দেয়, যা দ্রুতই কনসার্ট ভেন্যুতে ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, একটি শিক্ষার্থীবান্ধব ও মানবিক উদ্দেশ্যের আয়োজন হলেও তামাকজাত পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের স্পন্সরশিপ গ্রহণ নৈতিকতার প্রশ্ন তোলে। পাশাপাশি ডাকসু সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম ও বিতর্কের অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ জমে ছিল, যার বহিঃপ্রকাশ ঘটে কনসার্ট চলাকালে দেওয়া এই পাল্টা স্লোগানে।

অন্যদিকে, কয়েকজন শিক্ষার্থী মনে করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন স্লোগান অনাকাঙ্ক্ষিত হলেও এটি শিক্ষার্থীদের ক্ষোভ ও ভিন্নমত প্রকাশের একটি প্রতীকী রূপ।

এ বিষয়ে ডাকসু বা আয়োজক পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পুরো কনসার্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। সেখানে অনেকে তামাক কোম্পানির স্পন্সরশিপ, ডাকসুর স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের জবাবদিহির দাবি নিয়ে মতামত প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *