রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. আবুল হাসেম সুজনকে যুবদল নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া সংক্রান্ত সংবাদকে অস্বীকার করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির দাবি, ঘটনার পর সুজনকে যুবদল নেতা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে অসংগত।
শনিবার (১৭ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইঁয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় যুবদলের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে গেলে এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে মো. আবুল হাসেম সুজন নামে একজন গাড়ির মালিক গ্রেপ্তার হন। তবে তাকে যুবদল নেতা হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তিনি যুবদলের কেউ নন।
তবে কয়েকটি সুত্র বলছে, তিনি কয়েক বছর ধরে ওই পদে ছিলেন এবং সেই সময় সংগঠনের দায়িত্বও পালন করেছেন। কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় পর্যায় থেকে তাকে অস্বীকার করা হচ্ছে।

