Breaking News

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গ’লা কে’টে হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ | প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬

​নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় এই বীভৎস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

​নিহতরা হলেন— ওই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং মাত্র ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বসতবাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং একে একে চারজনকেই গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে রক্তাক্ত মরদেহগুলো পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই পরিবারের চারজনকে এভাবে নির্বিচারে হত্যার ঘটনায় পুরো এলাকায় এখন শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।

​খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে, তা উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *