নিজস্ব প্রতিবেদক | Info Bangla
রংপুরে শিক্ষক গণপতি সরকার ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাসের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি উত্থাপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত আন্দোলনকারীরা রংপুরের এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
আন্দোলনকারীদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে—
- সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
- রংপুরের শিক্ষক গণপতি ও তাঁর পরিবারকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
- সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সর্বস্তরের জনগণের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ও সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থী জয় বিশ্বাস বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রংপুরের নৃশংস হত্যাকাণ্ড তারই প্রমাণ। আমরা চাই না আর কোনো পরিবার এভাবে ধ্বংস হয়ে যাক।” তিনি দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক ও সচেতন সমাজকে এই যুক্তিসঙ্গত দাবির প্রতি সংহতি জানানোর আহ্বান প্রকাশ করেন। এ সময় সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

