ভোটের আগেই রণক্ষেত্র ভোলা: বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫

ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা। জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভোট দিতে নিজ এলাকায় আসেন ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা। সকালেই বাড়ির ভেতরে ভোট দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি তখনই উত্তপ্ত হয়ে ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের উত্তেজনা রাতে ভয়াবহ রূপ নেয়।

রাতের দিকে আবারও কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ রয়েছে, ধানের শীষের সমর্থক নুর ইসলামের ছেলে কিবা দা হাতে নিয়ে মুস্তাফিজের ছেলে হাসানের দিকে তেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাল্টা প্রতিরোধে হাসানও ঘর থেকে দা নিয়ে বের হয়ে কিবাকে কুপিয়ে জখম করেন। মুহূর্তেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত দুজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”ভোটকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা যে গ্রামাঞ্চলেও সহিংস রূপ নিচ্ছে, বোরহানউদ্দিনের এ ঘটনা তারই আরেকটি উদাহরণ এমনটাই বলছেন স্থানীয়রা। পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *