ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

১০:১৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণার পাশাপাশি অভিযোগ করেছেন যে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না এবং ‘রাতের ভোট’ হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে শেখ আব্দুর রহমান জিকো বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনি প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, মনোনয়নপত্র প্রথমে বাতিল হওয়া, পরে আপিলে তা ফিরে পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তিনি আরও দাবি করেন, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি না। এলাকায় রাতের ভোটের একটি পরিবেশ তৈরি করা হচ্ছে।”

স্বতন্ত্র এ প্রার্থী জানান, নিরাপত্তা ও মানসিক চাপে থাকার কারণে এবং দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান দেখিয়ে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না।

তবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তার এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *