নিজস্ব প্রতিবেদক | Info Bangla
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইমেইলের মাধ্যমে গণবোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে এ হুমকি পাঠানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘TypicalChineseman@gmail.com’ নামের একটি ইমেইল আইডি থেকে বার্তাটি পাঠানো হয়। ইমেইলে মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে বলে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালযের সবাইকে উদ্দেশে পাঠানো বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’
হুমকির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড্ডা থানায় জিডি করা হয়। বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট পুরো বিষয়টি নিয়ে কাজ করছে। ইমেইলের আইপি এড্রেস এবং প্রেরকের পরিচয় শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম জানান, হুমকি দেওয়া বার্তাটি নিয়ে পুলিশের সংশ্লিষ্ট দল দ্রুত তদন্ত শুরু করেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হলেও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলে জানান তিনি।

