নিজস্ব প্রতিবেদক | Info Bangla
পিরোজপুরের কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারিসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেতুর নিচে চুরির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। এ ছাড়া হেমায়েত বেপারির সঙ্গে চুরির ঘটনার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারির আটকের বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে। দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। তদন্তে যদি তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

