নিজস্ব প্রতিবেদক | Info Bangla
দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (৪ অক্টোবর) নতুন এই দাম নির্ধারণ করে। নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। এতদিন ১২ কেজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে সরকারি দাম কম থাকলেও বাজারে খুচরা পর্যায়ে এটি প্রায় ২ হাজার টাকার কাছাকাছি দরে বিক্রি হয়ে আসছিল, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগের মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন করে বড় অঙ্কের এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

