রাজশাহী: টাকা ভাঙিয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী নগরীতে এক মুদি দোকানে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পর দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী (৪০) ওই এলাকার বদরুল সরকারের ছেলে। তিনি বাড়ির সামনেই মুদি দোকান চালাতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর নগরীর চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড়ে বারীর দোকানে টাকা ভাঙাতে আসেন। বারী টাকা ভাঙিয়ে দিতে না পারায় তাদের সঙ্গে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর দোকানের সামনে এসে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। দোকানে আগুন দেখে বারীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে এলে হামলাকারীরা তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

