নিজস্ব প্রতিবেদক | Info Bangla
নিউইয়র্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে না পেরে চরম ক্ষোভ ও অসন্তোষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা চালিয়েছেন তার নিজ দলেরই কিছু নেতাকর্মী।
বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ঘটনার সময় পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর ছেলেও সেখানে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করছেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে হোটেলের লবি ও আশপাশের এলাকায় ভিড় জমান। তবে সুনির্দিষ্ট প্রটোকল ও সুরক্ষাজনিত কারণে তাৎক্ষণিকভাবে সকলের প্রধানমন্ত্রী সাক্ষাৎ পাওয়ার সুযোগ মেলেনি।
দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রধানমন্ত্রীর দেখা না পাওয়ায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। এ সময় হোটেল থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বের হওয়ার উপক্রম হলে কিছু ক্ষুব্ধ নেতাকর্মী তার দিকে তেড়ে যান এবং তাকে ঘিরে ধরে বাকবিতণ্ডা ও হেনস্তার চেষ্টা করেন। উপস্থিত অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দলের প্রবীণ ও নীতি-নির্ধারক নেতারা বলেছেন, প্রবাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দলীয় শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

