অনলাইন ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্ধারিত কেন্দ্রীয় কমিটির বৈঠক চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে এই হামলা চালানো হয়েছে বলে জাসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে জাসদের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে পুলিশের কাছে সোপর্দ ও আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও জাসদ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছিল। সভা চলাকালে একদল লোক ‘গোপন বৈঠক’ ও ‘আওয়ামী লীগের মহাসমাবেশের পরিকল্পনা’র অভিযোগ তুলে কার্যালয়ে হামলা চালায় ও অবরুদ্ধ করে ফেলে। এ সময় সেখানে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভবন থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
জাসদ নেতৃত্বের দাবি, আটককৃতরা সকলেই জাসদের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নিবন্ধিত নেতাকর্মী। একটি নিয়মিত সাংগঠনিক সভাকে বিভ্রান্তিকরভাবে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ আখ্যা দিয়ে আক্রমণ করা হয়েছে। জাসদের এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাসদ কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক সভায় জাসদের নেতাকর্মীরাই থাকবে, এখানে আওয়ামী লীগের লোক থাকবে কেন? বিএনপি-জামায়াতের ব্যানারে হামলা চালিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার এই চেষ্টা অগণতান্ত্রিক এবং মুক্ত চর্চার পরিপন্থী।”
পুলিশ জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে পরিস্থিতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

