নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট দেওয়ার জেরে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর চবি ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন হৃদয় তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লেখেন—
‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’
তাঁর এই স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক তোলপাড় শুরু হয়। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বা অবস্থানকে কেন্দ্র করে দেওয়া এই বক্তব্যকে সংগঠন বিরোধী হিসেবে দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব।
ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে সংগঠনটির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে এই শোকজ পাঠানো হয়েছে। সাজ্জাদ হোসাইন হৃদয়কে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমীপে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

