স্থানীয় সংবাদদাতা: কুমিল্লার দেবীদ্বারে এক পারিবারিক নৃশংসতার ঘটনায় মা ও ৮ মাসের শিশু ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযুক্ত তরুণের নাম ইমন (২৪)। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুর মা রাবেয়া বেগম। পুলিশ অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড় ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ইমনের মা পেয়ারা বেগম ও তাঁর আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন ধারালো দা দিয়ে তাঁর মা পেয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনা দেখে ইমনের ভাবি রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে অভিযুক্ত তরুণ তাঁর আট মাস বয়সী ভাতিজি ইসরাতকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগম ও শিশু ইসরাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রাবেয়া বেগম।
ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে হেফাজতে নেয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত যুবক পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার মূল কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে ইমন দীর্ঘদিন ধরে মানসিক বা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

