নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার ও নানা ধরনের গুজব প্রতিহত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত শেখ হাসিনার গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং যেকোনো নতুন রাজনৈতিক কর্মসূচি এখন থেকে শুধুমাত্র দলটির ভেরিফাইড ও অফিসিয়াল মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।
সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল ও ভুঁইফোড় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দলটির বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (গত কাল) দিবাগত রাত ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ও ভেরিফাইড ফেসবুক পেজে এক বিশেষ বার্তার মাধ্যমে এই সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়।
যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে দলটির অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মাধ্যমগুলো হলো:
- বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ
- অফিসিয়াল ইউটিউব চ্যানেল
- অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল
- অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল
রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করতে এবং সাধারণ কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করতে দীর্ঘদিন ধরে একটি মহল অনলাইনে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এই ধরনের অপচেষ্টা রুখতে এবং দলের সঠিক সিদ্ধান্ত ও বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই ডিজিটাল নিরাপত্তা ও স্বচ্ছতার উদ্যোগ নিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানানো হয়েছে, অফিসিয়াল মাধ্যমগুলোর বাইরে অন্য কোনো সূত্র বা অননুমোদিত পেজ থেকে প্রচারিত কোনো তথ্যের দায় দল নেবে না। তাই যেকোনো বিভ্রান্তি থেকে দূরে থাকতে এবং সত্য খবর জানতে কেবল এই ভেরিফাইড চ্যানেলগুলোর ওপর ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে।
সতর্কতা: অনলাইনে অপপ্রচার থেকে সচেতন থাকুন এবং দলের যেকোনো নির্দেশনা জানতে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথেই যুক্ত থাকুন।
