নিজস্ব প্রতিবেদক | Info Bangla
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে নিজ ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— সৌদি আরব প্রবাসী আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াংকা (২৪) এবং তাদের দেড় বছরের শিশুকন্যা আলিজা। আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। মা, ভাই ও ভাবির সাথে একই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা গড়িয়ে গেলেও আকরাম হোসেন ও তার স্ত্রী ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের নিথর দেহ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘরের ভেতর আকরাম হোসেনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী প্রিয়াংকার মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। শিশু আলিজার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
