বিশেষ প্রতিনিধি, দিল্লি
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আগামী ১৮ই সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত এই সরাসরি বৈঠকে দল পরিচালনা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সিদ্ধান্ত আসতে চলেছে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দুর্দিনের পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ তৃণমূল কর্মীদের আইনি সহায়তা এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে কঠোর ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হতে পারে। মাঠপর্যায়ের কর্মীদের সব ধরনের বিপদে পাশে দাঁড়াতে কেন্দ্রীয়ভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে দলের শৃঙ্খলা ভঙ্গ, নিষ্ক্রিয়তা কিংবা পদ-পদবি নিয়ে অনৈতিক বাণিজ্যের অভিযোগ কঠোরহস্তে দমন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিদের বাদ দিয়ে ত্যাগী ও সৎ নেতৃত্বকে সামনে আনার জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করতে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টনের রূপরেখা নির্ধারিত হতে পারে।
সংবাদমাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, ১৮ই সেপ্টেম্বরের এই বৈঠক থেকেই আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনার স্ব শরীরে উপস্থিতিতে একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের চূড়ান্ত তারিখ ও স্থান নির্ধারিত হতে পারে। বিশ্ববাসীর সামনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৮ই সেপ্টেম্বরের এই সভাটি আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মোড় হিসেবে ভূমিকা রাখবে।

