বিশেষ প্রতিনিধি | ৩ আগস্ট, ২০২৪
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ছেলের শ্বশুর, দুবাই প্রবাসী ভারতীয় নাগরিক সাব্বির মোহসিন পেটিওয়ালার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে বিপুল অর্থ আত্মসাত ও চরম বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে।
এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার (১.৩ মিলিয়ন ডলার)—যা স্থানীয় মুদ্রায় বিশাল অংকের অর্থ—প্রতারণার অভিযোগে দুবাইয়ের ‘বুর দুবাই’ থানা এলাকায় (Report No. 6635-2026) এই ফৌজদারি মামলাটি দায়ের করা হয়েছে।মামলাটির মূল বাদী ভারতীয় নাগরিক মনীশ শাহওয়ান, যিনি অভিযুক্ত সাব্বির মোহসিন পেটিওয়ালা যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সেটির মূল মালিক। মনীশ শাহওয়ানের পক্ষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন রানিয়া মোহাম্মদ নামের এক মিসরীয় নাগরিক।
দায়েরকৃত মামলার অভিযোগপত্র অনুযায়ী, পেটিওয়ালার বিরুদ্ধে কর্মক্ষেত্রের অর্পিত দায়িত্বের অপব্যবহার এবং বড় অঙ্কের অর্থ আত্মসাতের (Breach of Trust) সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পাবলিক প্রসিকিউশন থেকে জামিন পেলেও, মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া এবং নির্দোষিতার উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারা পর্যন্ত তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা (Travel Ban) বলবৎ রাখা হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী এই ব্যবসায়ী পরিবারটির বিরুদ্ধে এমন গুরুতর প্রতারণা ও আইনি পদক্ষেপের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। মামলাটি বর্তমানে দুবাইয়ের আদালত ও পাবলিক প্রসিকিউশনে বিচারাধীন রয়েছে।

