নিজস্ব প্রতিবেদক | Info Bangla
গ্যাস ও বিদ্যুৎ–সংকটের তীব্র কষাঘাতে স্তব্ধ হয়ে পড়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানার চাকা। জ্বালানির অব্যাহত ঘাটতিতে উৎপাদন সচল রাখা অসম্ভব হয়ে পড়ায় সোমবার (৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে গ্রুপের সব তৈরি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে কারখানাগুলোতে কর্মরত প্রায় ২৫ হাজার শ্রমিকের রুটি-রুজি ও চাকরি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জ্বালানি সংকটের এই ধাক্কা শুধু শ্রমিকদের জীবনযাত্রায় নয়, দেশের সামগ্রিক রপ্তানি আয়েও বড় আঘাত হানতে যাচ্ছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ডিবিএল গ্রুপের একা পোশাক খাত থেকেই প্রতি মাসে গড়ে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হতো। বিপুল পরিমাণ বৈদেশি মুদ্রা অর্জনের এই বড় খাতটি রাতারাতি থমকে দাঁড়ানোয় উদ্বেগ বাড়ছে শিল্প খাত সংশ্লিষ্টদের মাঝে।
উল্লেখ্য, ১৯৯১ সালে যাত্রা শুরু করা ডিবিএল গ্রুপ দেশের অন্যতম শীর্ষ বহুমুখী শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত। পোশাক ও বস্ত্র খাতের বাইরেও টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ওষুধ, ড্রেজিং, রিটেইল এবং ডিজিটাল ট্রান্সফরমেশন সেবায় তাদের শক্তিশালী প্রভাব রয়েছে। পুঁজিবাজারেও এ গ্রুপের শক্তিশালী অবস্থান বিদ্যমান; ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘মতিন স্পিনিং মিলস পিএলসি’ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। অর্থনীতির এত বড় একটি ভিত্তিমূল জ্বালানি সংকটে থমকে যাওয়ায় শিল্প খাতে সামগ্রিক গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নাজুক পরিস্থিতিই আবার সামনে চলে এলো।

