অনলাইন ডেস্ক:
পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যকে ভিত্তি হিসেবে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রভাবশালী সাপ্তাহিক সাময়িকী আউটলুক-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপর্ণ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’। তবে অতীতের নির্মম ও ঐতিহাসিক সত্যকে উপেক্ষা করে কিংবা অস্বীকার করে পাকিস্তানের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক এগোতে পারে না। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সংঘটিত গণহত্যা এবং তৎকালীন ঐতিহাসিক ঘটনাবলীকে স্বীকার করে নেওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তিনি।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ইতিহাসকে মুছে ফেলা সম্ভব নয়। দুই দেশের সম্পর্কের অগ্রগতি নির্ভর করবে সত্যকে স্বীকার করে নেওয়ার মানসিকতা ও ঐতিহাসিক বাস্তবতা মেনে নেওয়ার ওপর।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে শুভাকাঙ্ক্ষী ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য অপরিহার্য। ভারত বাংলাদেশকে কঠিন সময়ে সহায়তা করেছে এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধন অত্যন্ত দৃঢ়।
সাক্ষাৎকারে ভূ-রাজনৈতিক বাস্তবতা, দেশের সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন, আঞ্চলিক স্থায়িত্ব এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও নিজের মতামত তুলে ধরেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
