অনলাইন ডেস্ক:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা, অনৈতিক কর্মকাণ্ড এবং দুর্নীতির মারাত্মক সব অভিযোগ এনেছেন তাঁর সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। একই সাথে নিজের জীবন রক্ষায় আইনগত ব্যবস্থা এবং নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট লিখিত আবেদন করেছেন তিনি।
গত ২০ জুলাই ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদন সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১:৩০ টায় পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর ডি-২ ফ্ল্যাটের একটি কক্ষে ওবায়দুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এমপি গাজী নজরুল ইসলামের নির্দেশে তিন ব্যক্তি—দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই আমিন এবং মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ নামের দুই ব্যক্তি লাঠিসোটা নিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে মারাত্মক আহত করে।
পরবর্তীতে ওবায়দুল রহমানের চিৎকার শুনে পার্শ্ববর্তী কক্ষ থেকে তাঁর মা ও ছোট বোন এসে তাঁকে উদ্ধার করেন। সেখান থেকে রাতে সিএনজিযোগে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় (ভর্তির সময় রাত ১২:৩৮ মিনিট)। বর্তমানে জীবন বাঁচাতে তিনি আত্মগোপনে রয়েছেন এবং অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্রে ওবায়দুর রহমান দাবি করেন, তিনি এমপি গাজী নজরুলের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সুবাদে এমপির নানা অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যের বিরুদ্ধে জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং মস্তান বাহিনী গড়ে তোলার পাশাপাশি নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এছাড়া আবেদনপত্রে গত জুন ও জুলাই মাসে মেট্রোরেলের পল্লবী স্টেশন এলাকার একটি কফি শপ, মিরপুর ১২ নম্বরের দীশা ইনস্টিটিউট অব টেকনোলজি এবং মগবাজারের একটি বাসায় এক ১৭ বছর বয়সী কিশোরীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা হয় এবং এর স্বপক্ষে সিসিটিভি ফুটেজ ও গোপন ভিডিও ফুটেজ প্রমাণের কথা বলা হয়েছে।
এ অবস্থায়, অভিযুক্ত হামলাকারী ও মূল নির্দেশদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন ওবায়দুর রহমান।

