নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারের ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পাশের বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার (০৪ জুলাই) এ ঘটনার ভিডিও ভাইরাল হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ভোররাতে বিজয়পুর বাজারের মোল্লা মার্কেটের একটি কনফেকশনারি দোকানের সামনে ওই নারী ঘুমিয়ে ছিলেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন হিসেবে চেনেন বাজারের ব্যবসায়ীরা। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তারা।

ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে শুয়ে থাকা ওই নারীর কাছে আসে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি। এ সময় চার পাশে বারবার তাকিয়ে দেখছিল আশপাশে কেউ আছে কিনা। এরপর নারীর গায়ে হাত দেয়। এতে নারী বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর সেখান থেকে চলে যাওয়ার সময় বাজারের এক নৈশপ্রহরীর সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মো. খোকন (৫০)। সে বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে এবং স্থানীয় বিএনপির নেতা। আজ সকাল থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

বিজয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন বলেন, ‘আমরা অভিযুক্ত খোকনকে খুঁজছি সে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও কোন পোষ্টধারী নেতা নয় । তাকে আটক করতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সোপর্দ করা হবে।’কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করেছি। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে খোকন পলাতক।

তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ধরার চেষ্টা করছি।’

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version