মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামের এক তরুণীর ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সায়ন পলাতক রয়েছেন। সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সায়ন জোরপূর্বক সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকেই তিনি ধারালো অস্ত্র দিয়ে স্মৃতির ওপর হামলা চালান এবং কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেন। স্মৃতির আর্তচিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে এলে অভিযুক্ত সায়ন তাদের ওপরও এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা টের পেয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন।
আহত তিনজনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। প্রেমের সম্পর্কের বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হামলা চালানো হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।
