প্রতিনিধি, ইনফো বাংলা
গাবতলী (বগুড়া): বগুড়া জেলার গাবতলীতে মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) রাত সোয়া ১২টায় উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রীতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। ওই বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাত ১০টার দিকে রাতের খাবার শেষ করে রীতা রানী ও তার স্বামী আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে বিধান চন্দ্রের ঘুম ভাঙে। একই সঙ্গে তিনি পাশের ঘর থেকে তার স্ত্রীর অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পান।
শব্দ শুনে দ্রুত স্ত্রীর ঘরে গিয়ে তিনি মেঝেতে রীতা রানীর গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

