নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ডাকাত দলের হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন সদস্য। গত সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
হামলায় আহত র্যাব-৯ এর গোয়েন্দা শাখার সদস্যরা হলেন: কাজল,মালেক ও রাশেদ।
আহতদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত থাকায় সেখানে সেলাই দিতে হয়েছে।
স্থানীয় ও র্যাব সূত্র থেকে জানা যায়, চিহ্নিত ‘শফিক বাহিনী’র অপরাধমূলক কর্মকাণ্ড এবং গত ৯ মে একজন ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনার তথ্য সংগ্রহ করতে খাগাতোয়া গ্রামে যান র্যাবের তিন গোয়েন্দা সদস্য।
র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে শফিক বাহিনীর সদস্যরা তাদের অতর্কিত ঘেরাও করে জিম্মি করে ফেলে। এরপর তাদের একটি আস্তানায় নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে র্যাবের অন্য একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপহৃত সদস্যদের উদ্ধার করে।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“ডাকাত শফিক বাহিনীর তথ্য সংগ্রহ করতে গিয়ে আমাদের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এর মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই দুর্ধর্ষ ডাকাত বাহিনীর দ্রুত বিচার ও গ্রেফতার দাবি করেছেন।
