চুয়েট ছাত্রদল সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীকে জোর করে ব্যানার টানানোর অভিযোগ

ক্যাম্পাস প্রতিনিধি: 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক সাধারণ শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদের বিরুদ্ধে। পহেলা বৈশাখের ব্যানার টানানোকে কেন্দ্র করে ঘটা এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী, ১৩ এপ্রিল, সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। টিউশনি শেষ করে ফেরার পথে ওই শিক্ষার্থী দেখতে পান ছাত্রদলের নেতা-কর্মীরা পহেলা বৈশাখ উপলক্ষে ব্যানার টাঙাচ্ছেন। কৌতূহলবশত তিনি সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলে বাধার মুখে পড়েন।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, ছবি তুলতে চাওয়ায় ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে জেরা করতে শুরু করেন। অভিযোগের মূল পয়েন্টগুলো হলো: শিক্ষার্থীর শার্টের কলার ধরে টানাটানি করা হয়। জোরপূর্বক তাঁকে দিয়ে ব্যানার টানানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে উপস্থিত অন্য শিক্ষার্থীরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, “ঘটনাটি আমার ওপর গভীর মানসিক প্রভাব ফেলেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এই অপমানের বিচার চাই।”

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন চুয়েট ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ তিনি দাবি করেন, শারীরিক লাঞ্ছনার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। তাঁর ভাষ্যমতে, “ব্যানার টানানোর সময় ওই ছাত্রের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাত্র, কোনো বকাঝকা বা লাঞ্ছনা করা হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *