নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ ও পদায়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনে বিএনপিপন্থী আইনজীবীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা জানান, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগের তালিকাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আইনজীবীদের মধ্যে অসন্তোষ চলছিল। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবন চত্বরে নিয়োগবঞ্চিত ও পদায়নপ্রত্যাশী বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ এবং অপর পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়।
এই আকস্মিক সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আইনজীবী আহত হন। ঘটনার সময় সুপ্রিম কোর্ট চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিচারপ্রার্থী ও সাধারণ আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও জ্যেষ্ঠ আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। এ বিষয়ে দল ও সমিতির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অভ্যন্তরীণ এই কোন্দল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

