নিজস্ব প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়মতান্ত্রিক আন্দোলনরত শ্রমিকদের ওপর ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ বিকেলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল লোড-আনলোড (বোঝাই ও খালাস) কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন ‘পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়ন’-এর সদস্যদের অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবি রয়েছে। এই দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শ্রমিকরা।
পরে বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করেন। তবে কর্মবিরতির পর শ্রমিকরা বিচ্ছিন্নভাবে বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আন্দোলনরত শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত ধানখালী ইউনিয়ন যুবদল সভাপতি তপন মৃধা দাবি করেন, ঘটনার সময় সেখানে প্রশাসনের লোকজন উপস্থিত ছিল। প্রশাসন যদি প্রমাণ করতে পারে যে তিনি মারধরের সঙ্গে জড়িত, তবে তিনি অপরাধী হিসেবে শাস্তি মাথা পেতে নেবেন। মারধরের ঘটনার পর তিনি কেবল খবর শুনে সেখানে গেছেন বলে জানান।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

