নিজস্ব প্রতিবেদক | Info Bangla
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এই মামলা দায়ের করেন।মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফরকে।
আদালতে পেশ করা আবেদনে অভিযোগ করা হয়, দেশে হামের টিকা সংকট ও সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার কারণেই একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
মামলার বাদী সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন, “অন্তর্বর্তী সরকারের চরম অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা টেন্ডার প্রক্রিয়াও বন্ধ করে দেয়, যার ফলে এই রোগ মারাত্মক আকারে সারাদেশে ছড়িয়ে পড়ে।” তিনি আরও যোগ করেন, “এই ঘটনায় যারা দোষী, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভবিষ্যতে কোনো সরকার যেন কোমলমতি শিশুদের জীবন নিয়ে এমন অবহেলা করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।
“এর আগে, গত ২০ মে দেশের হামের টিকা পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স উদ্বেগ প্রকাশ করে জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়েছিল এবং এ বিষয়ে ৫টি আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল।
তবে টিকা ক্রয়ের ক্ষেত্রে অর্থের কোনো অভাব ছিল না; বরং মূলত ক্রয়সংক্রান্ত আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এই ভয়াবহ সংকট তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, সংশ্লিষ্ট সূত্রমতে গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে। ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

