জবি প্রতিনিধি: ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বিভিন্ন দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ-এর নেতৃত্বে এতে শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন দাবি ও প্রতিবাদ সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের মতো বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ঐতিহাসিক ৬ দফা বাঙালি জাতির মুক্তির সনদ। এই ঐতিহাসিক দিনটিতে ছাত্রসমাজকে সাথে নিয়ে যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা রাজপথে সোচ্চার থাকবে। শিক্ষাঙ্গনের পরিবেশ সুসংহত রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জবি ছাত্রলীগ যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

