নিজস্ব প্রতিবেদক | Info Bangla:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় ‘এসবি সুপার ডিলাক্স’ নামের বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।
তবে ফেরিতে ওঠার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় এক ভয়াবহ প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। পরে বাসের চালক ও তাঁর সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটল।এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী ও চালকসহ মোট কর্মী ছিলেন ৩ জন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভেড়ে। ওই সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামে একটি বড় ফেরি ছিল এবং অপর পকেটে আরেকটি মাঝারি আকারের ফেরি নোঙর করা ছিল।বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে তখন অন্যান্য যানবাহন উঠছিল।
এসবি সুপার ডিলাক্স বাসটি ওই ফেরিতে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাশে থাকা অপর ফেরিটির র্যামে সজোরে আঘাত করে। এতে ফেরির র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়।
বারেক শেখ আরও জানান, ফেরিতে ওঠার আগেই বাসের যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। ফলে দুর্ঘটনার সময় বাসের ভেতরে শুধু চালক ও তাঁর সহকারী অবস্থান করছিলেন। নদী থেকে তাঁদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বারবার একই ঘাটে এ ধরনের দুর্ঘটনা ঘটায় স্থানীয় যাত্রী ও চালকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

