নিজস্ব প্রতিবেদক, ঢাকা | শুক্রবার, ১৫ মে ২০২৬
রাজধানীর চকবাজারে একটি কারখানার ভেতর থেকে ইউনুস মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চকবাজারের কামালবাগ এলাকায় মোরশেদ মিয়ার কারখানায় এই ঘটনা ঘটে।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন থাকায় একে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কারখানার ভেতর থেকে ইউনুস মিয়ার মরদেহ উদ্ধার করে।
নিহত ইউনুস পেশায় ড্রেন পরিষ্কারকর্মী ছিলেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পর থেকে কারখানার মালিক মোরশেদ মিয়াসহ সেখানে কর্মরত অন্য শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। কারখানাটি জনশূন্য থাকায় বিষয়টি নিয়ে চরম রহস্য সৃষ্টি হয়েছে।
ওসি মামুন আরও বলেন, ‘ঘটনাস্থলে নিহতের মরদেহ ছাড়া আর কেউ ছিল না, যা অত্যন্ত সন্দেহজনক। মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কে বা কারা এই হত্যার পেছনে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে।’ প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের বা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

