নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের আশ্রয়ে থাকা কুখ্যাত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী রাইফেল সেলিম ও তার অন্যতম সহযোগী মুসাসহ তাদের সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। রোববার (২৬ এপ্রিল, ২০২৬) এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালী থেকে চকরিয়া বন্দর পর্যন্ত চলমান মেগা প্রকল্পে এই চক্রটি দীর্ঘদিন ধরে নাশকতা চালিয়ে আসছিল। বিশেষ করে ম্যাক্স ও টোকিও পাইপ লাইনে অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ন্যাশনাল ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি ও জোরপূর্বক কাজ আদায়ের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রাইফেল সেলিমের অপরাধের খতিয়ান অত্যন্ত দীর্ঘ। তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, দুর্ধর্ষ ডাকাতি এবং অবৈধ অস্ত্র মামলাসহ বিভিন্ন থানায় মোট ২৪টি গুরুতর মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
চকরিয়া থানা পুলিশ জানায়, মেগা প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে জড়িত বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই কুখ্যাত সন্ত্রাসী বাহিনী গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

