ঝিনাইদহ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকা এবং অবাধ্য আচরণের দায়ে নিজের ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন ঝিনাইদহের এক বাবা। গত সোমবার (২ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন ব্যবসায়ী মো. আবু জাফর।
অন্যদিকে এই ঘটনার পরে ছেলে তার ফেসবুক পোস্টে জানান – বাবা তোমার প্রতি আমার কোন অভিযোগ নাই।কিন্তু জননেত্রী শেখ হাসিনার অস্তিত্বের প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগের সাথে আপসহীন ভাবে ছিলাম, আছি এবং আমৃত্য থাকবো ইনশাআল্লাহ।
হলফনামা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. আবু জাফর তার পুত্র মো. নাহিদ হাসান সবুজকে ত্যাজ্য ঘোষণা করেছেন। অভিযুক্ত সবুজ ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবু জাফর তার হলফনামায় উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য এবং পরিবারের নিয়ন্ত্রণের বাইরে জীবনযাপন করছেন। সবুজ বর্তমানে পরিবারের সাথে থাকেন না এবং নিজের খেয়ালখুশিমতো আলাদা বসবাস করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও সবুজ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লিপ্ত ছিলেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালু করার প্রক্রিয়ায় সবুজের সক্রিয় অংশগ্রহণের সংবাদ পাওয়ার পর আবু জাফর তাকে নিজ বাড়ি থেকে বিতাড়িত করেন এবং আইনিভাবে ত্যাজ্য করার সিদ্ধান্ত নেন।
এই ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনিভাবে ত্যাজ্য ঘোষণার মাধ্যমে আবু জাফর তার ছেলের যাবতীয় দায়-ভার এবং পৈত্রিক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

