নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৩ মার্চ, ২০২৬
সিলেটে জুলাই অভ্যুত্থানে শহীদ আবুল কালামের বিধবা স্ত্রীকে (২৫) বাসায় আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২ মার্চ) সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় ছাত্রদল নেতাসহ কয়েকজন রয়েছেন বলে প্রাথমিক অভিযোগে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, স্বামী শহীদ আবুল কালামের মৃত্যুর পর থেকে নীলিমা বেগম (ছদ্মনাম) বন্দরবাজার এলাকার একটি ভাড়া বাসায় একা থাকতেন এবং জীবিকা নির্বাহের জন্য একটি সুপারশপে কাজ করতেন। সোমবার সকালে একটি অপরিচিত নম্বর থেকে নিজেদের ছাত্রদল নেতা পরিচয় দিয়ে তাকে ইফতার সামগ্রী দেওয়ার কথা বলা হয়। নীলিমা বেগম তাদের আছরের সময় আসতে বলেন। বিকেলে তারা বাসায় উপস্থিত হলে সৌজন্যবশত তাদের বসতে দেন তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্তরা তাকে রাতভর জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে এবং দীর্ঘ সময় আটকে রাখে।
বর্তমানে ভুক্তভোগী নারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

