নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শোকজ নোটিশে বলা হয়েছে, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই শোকজ প্রদানের নির্দেশনা দিয়েছেন। তবে হামিম ঠিক কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে দায়িত্বশীল সূত্রে জানা গেছে শিবিরের সাথে সংশ্লিষ্টতার কারনেই এই শোকজ করা হয়েছে।

