​ঢামেকে কারাবন্দি আড়াইহাজার উপজেলা আ.লীগ নেতার মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামে এক কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​কারাসূত্রে জানা গেছে, মনির হোসেন সিকদার আড়াইহাজার থানার গোপালদী এলাকার জহুরুল ইসলাম সিকদারের ছেলে। তিনি একটি মামলায় বন্দি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ছিলেন। গতকাল রাতে কারাগারে থাকাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মনির হোসেন সিকদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা আড়াইহাজার ও গোপালদী এলাকায় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *