নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে একতরফা, রাজনৈতিক প্রতিহিংসাবশত ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৬ রবিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা লকডাউন সফল করতে আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশক্রমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রহসনের রায়ের মাধ্যমে নেতৃবৃন্দের বিরুদ্ধে অপচেষ্টা চালানো হচ্ছে। এই অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়ের তীব্র নিন্দা জানিয়ে যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, সমন্বয় ও সর্বাত্মকভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশে আইনের শাসন, প্রকৃত গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের জন্য সকল অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে যুবলীগের সকল নেতাকর্মীকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।
