আড়াইহাজার প্রতিনিধি: কোরআন শরিফ রাখার কাঠের রেকে থরে থরে সাজানো ধর্মীয় বই। তবে বইয়ের আড়ালে লুকানো একটি ব্যাগের ওপর চোখ পড়তেই আঁতকে উঠলেন মোয়াজ্জিন। ব্যাগটি খুলতেই বেরিয়ে এলো একটি ঝলমলে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড তাজা গুলি। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বাজার জামে মসজিদে আজ ১২ সেপ্টেম্বর, শনিবার দুপুরে ঘটে এই ঘটনা।
পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ আড়াইহাজার থানা পুলিশের খোয়া যাওয়া সরকারি সম্পত্তি বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরিফ রাখার রেখ পরিষ্কার ও গোছানোর কাজ করছিলেন মোয়াজ্জিন নাসির উদ্দিন। একপর্যায়ে একটি রেকে একটি পরিত্যক্ত ব্যাগ দেখে তাঁর সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক ব্যাগটি পরীক্ষা করে ভেতরে আগ্নেয়াস্ত্র দেখতে পান এবং দেরি না করে থানায় খবর দেন। তথ্য পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে অস্ত্র ও গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে সহিংসতা চলাকালে আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই সময় থানা থেকে পুলিশের এই বিদেশি পিস্তলটি লুট হয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্রটির বিবরণ মিলিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটি থানা থেকে খোয়া যাওয়া সেই পিস্তলই।
ওসি আরও উল্লেখ করেন, পবিত্র মসজিদের ভেতর কারা এবং কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

