নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একনজর দেখার আকুতি নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা সন্ধ্যা রাণী ধর। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও সেই সুযোগ মেলেনি। অবশেষ ছেলেকে দেখার তীব্র আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মৃত্যুবরণ করেন সন্ধ্যা রাণী ধর। মৃত্যুর আগে গত মঙ্গলবার নিজেই তিনি এই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেখানে তার ছেলে চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন অবস্থান করেছিলেন।
এর আগে অসুস্থ হয়ে তিনি চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যেখানে তার ক্যানসার শনাক্ত হয়। তবে হাসপাতালে না থেকে জীবনের শেষ সময়টুকু ছেলের আশ্রমে কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে তিনি স্ট্রোক করেছিলেন এবং পরে হৃদরোগের জটিলতায় ভুগছিলেন।
মায়ের মৃত্যুর বিষয়ে কান্নাজড়িত কণ্ঠে চিন্ময় কৃষ্ণ দাসের ভাই অঞ্জন কুমার ধর জানান, তার মা মারা গেছেন এবং জীবিত থাকা অবস্থায় তার ভাই নিজের মাকে একবারের জন্যও দেখতে পারল না।
বড় ভাই রঞ্জন কুমার ধর জানান, মরদেহ নিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের পর চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে। পুণ্ডরীক ধামেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, ছেলে দীর্ঘদিন গ্রেপ্তার ও কারাগারে থাকায় গভীর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা রাণী ধর। ছেলের অসুস্থতা এবং বারবার জামিন নামঞ্জুর হওয়ার খবর তাকে চরম উদ্বিগ্ন করে তোলে, যার প্রভাবেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

