নিজস্ব প্রতিবেদক | Info Bangla
দেশের আর্থিক খাতে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা ও ঋণের আদায়ে শিথিলতার পরিণতিতে এক নজিরবিহীন ও উদ্বেগজনক রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিশ্বের শীর্ষ খেলাপি ঋণের দেশের তালিকায় এখন এক নম্বরে চলে এসেছে বাংলাদেশের নাম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি হয়ে পড়েছে। এই রেকর্ড ব্যাংক খাতের ভঙ্গুর দশাকে বৈশ্বিক দরবারে উন্মোচিত করেছে।
আন্তর্জাতিক ব্যাংকিং খাতের পরিসংখ্যান অনুযায়ী, ৩৩ শতাংশ খেলাপি ঋণের হার নিয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে বিশ্বের অন্যান্য দুর্বল ও সংকটগ্রস্ত অর্থনীতিগুলোকে। বৈশ্বিক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চাদ, আর পরবর্তী স্থানগুলোতে অবস্থান করছে যথাক্রমে ইকুয়েটোরিয়াল গিনি, আলজেরিয়া ও ঘানা। আশঙ্কাজনক বিষয় হলো, এই তালিকায় এর আগে শীর্ষে ছিল যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন, যাকে ছাড়িয়ে এখন শীর্ষ স্থানটি দখল করেছে বাংলাদেশ। যুদ্ধ পরিস্থিতি ছাড়াই একটি উদীয়মান অর্থনীতির দেশে ঋণের এমন অস্বাভাবিক হার দেশের সার্বিক অর্থনৈতিক কাঠামোর জন্য এক বিশাল বড় সতর্কসংকেত।
অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক প্রভাব, অনিয়ম, তদারকির অভাব এবং খেলাপিদের ছাড় দেওয়ার সংস্কৃতির কারণেই ব্যাংকিং খাত আজ এই চরম সংকটের মুখোমুখি। নিয়মিতভাবে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন করার পরেও অবলুপ্ত বা খেলাপি হওয়া ঠেেকানো যাচ্ছে না, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে সাধারণ আমানতকারীদের আস্থা ও ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতার ওপর। ব্যাংকিং খাতের এই সংকট কাটানো না গেলে দেশি-বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্রুত কঠোর আইনি পদক্ষেপ ও আর্থিক খাতে কার্যকর সংস্কার ছাড়া এই বৈশ্বিক দুর্নাম থেকে উত্তরণের আর কোনো বিকল্প নেই।

